মাগুরানিউজ.কমঃ
ওয়ানডেতে ২০০ উইকেট ছুঁয়ে একই সঙ্গে আরেকটি মাইলফলকে পৌঁছেছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল।
ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে এই কীর্তি ছুঁলেন সাকিব।
সাকিবের আগে ওয়ানডেতে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল ছিল মাত্র ৬ জন ক্রিকেটারের। তবে সবচেয়ে কম ১৫৬ ম্যাচ খেলে অভিজাত এই ক্লাবে পৌঁছে সাকিব ছাড়িয়ে গেলেন সবাইকে।
৪ হাজার রান হয়ে গিয়েছিল সাকিবের বেশ আগেই। অপেক্ষা ছিল কেবল ২০০ উইকেট ছোঁয়ার। গতকাল বুধবারের ম্যাচের আগে সবশেষ ৪ ম্যাচে নিতে পেরেছিলেন মোটে একটি উইকেট। এই ম্যাচ শুরু করেছিলেন ১৯৮ উইকেট নিয়ে। প্রথম স্পেলেই ফাফ দু প্লেসি ও হাশিম আমলাকে আউট করে কাঙ্খিত সেই মাইলফলক ছুঁলেন সাকিব।
ব্যাট-বলে সমান তালে পারফরম্যান্স দেখিয়ে টেস্ট-ওয়ানডে দুটিতেই বেশ কটি ডাবল এর মধ্যেই হয়ে গেছে সাকিবের। অর্জনের সেই সমৃদ্ধি ঝুলিতে এবার জমা হলো ৪ হাজার রান ও ২০০ উইকেটের অভিজাত ডাবলও। বাংলাদেশের ক্রিকেটকেও এনে দিলেন আরেকটি গর্ব করার মতো অর্জন।


