মাগুরানিউজ.কমঃ
শিশির সরকার-
কনকনে শীতে জবুথবু হয়ে ব্যস্ততার সঙ্গে ঘরে ফিরছে কিছু মানুষ। এর মধ্যেও রাস্তার হকারদের নেই ঘরে ফেরার তাড়া। যা কিছু নিয়ে সকালে বের হয়েছিলেন সবটাই রাতের মধ্যে বিক্রি করে পরদিনের চাল-ডালের খরচ গুছিয়ে তবেই ফেরা।
রাত বেজে তখন ৮টার কাছাকাছি। মাগুরা চৌরঙ্গীমোড়ে সামনে দাঁড়িয়ে এক হকার। হাতে কিছু ‘আঁধার ঘরের আলোর চড়ুই’। বাবড়ি চুলের এই হকারের নাম মনোয়ার হোসেন।
অন্য হকাররা যখন আলোর নিচে দাঁড়িয়ে বেচাবিক্রি করেন, তাতে বেঁচে যায় আলো জ্বালানোর খরচ; কিন্তু আলো থাকলে আনোয়ারের সমস্যা! তাই ঘন অন্ধকারে নিজেকে আড়াল করেন তিনি। সেই আঁধারে ব্যাটারি চালিত আলোর চড়ুই বিক্রি করছেন। মাঝে মাঝেই ঝলকে উঠছে রঙবেরঙের আলো। সেই দেখে ক্রেতারও চোখও চকচক করে।
চড়ুইগুলো প্লাস্টিকের। আকৃতিতে বাস্তব চড়ুইয়ের মতই। তবে এর ভেতরে রয়েছে তিন বা চার রঙের ছোট ছোট বাল্ব। আর এই বাল্বগুলোকে প্রাণ জোগাচ্ছে ছোট তিনটি বাটন ব্যাটারি। দামটাও হাতের নাগালে। মাত্র ১০ টাকা।
মনোয়ার হোসেন জানান, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তিনি এগুলো নিয়ে রাস্তায় বের হন। অন্ধকারে দাঁড়িয়ে বিক্রি করেন। প্রতিদিন যা বিক্রি হয় তাতে কোনোমতে পেট চলে।


