মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার সিরিজদিয়া গ্রামের একটি বেগুন ক্ষেত থেকে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
শনিবার রাতে অনামিকা বিশ্বাস (৮) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার এসআই মিলন হোসেন জানান। অনামিকা ওই গ্রামের মাছ ব্যবসায়ী মাধব বিশ্বাসের মেয়ে এবং সে স্থানীয় সিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই জানান, দুপুর ১টা থেকে অনামিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে গ্রামের একটি বেগুন ক্ষেতে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
অনামিকার মৃত্যুর কারণ জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা। তবে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা।


