মাগুরানিউজ.কমঃ
বাড়ি, গাড়ি, প্রতিষ্ঠানে পতপত করে উড়ছে লাল-সবুজের পতাকা। মানুষের মাথায় পতাকার রঙের ফিতা। গায়ে পতাকার রঙের পোশাক। পতাকায় সজ্জিত মাগুরার প্রধান সড়ক ও সড়কদ্বীপ। সবার মনে বিপুল আনন্দ। মাগুরাজুড়ে উৎসব। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের সবচেয়ে আনন্দের, বড় প্রাপ্তির দিন।
নয় মাসের সংগ্রাম আর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বহু আকাঙ্ক্ষিত এই দিনটি এসেছিল। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ৪৪ বছর আগের এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে। যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতি দিবসটি পালন করছে।
ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
পরে স্কুল,কলেজের ছাত্র ছাত্রীদের, স্কাউট, আনসার,পুলিশ ও বিভিন্ন সংগঠনের শরীর চর্চা ও কুচকাওয়াজ স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়।
এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের।
বরাবরের মতো এবারও মহান বিজয় দিবস পালনের বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে।


