মাগুরানিউজ.কম:
মাগুরায় প্রথমবারের মত চাষ হয়েছে গ্রীষ্মকালীন বারি-৪ জাতের টমেটো। শহরতলির বাটিকাডাঙ্গা গ্রামের বিদেশফেরত সরোয়ার হোসেন ও বাচ্চু মিয়া মাত্র ২৪ শতক জমিতে এ টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন।
সরোয়ার ও বাচ্চু মিয়া জানিয়েছেন, তাদের প্রত্যেকের লাগানো ১২ শতক জমিতে যে টমেটো হয়েছে তা প্রায় ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। এ চাষে তাদের খরচ হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। খুব স্বল্পমেয়াদি ফসলে বেশি লাভজনক হওয়ায় আগামীতে তারা এ চাষ আরো বৃদ্ধি করবেন।
সরোয়ার ও বাচ্চু মিয়া জানান, তাদের দেখাদেখি এলাকার কৃষকদেরর মাঝে এ টমেটো চাষে আগ্রহ বাড়ছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী জানান, সাধারণত মে-জুন মাসে গ্রীষ্মকালিন এ টমেটো চাষ করতে হয়, যা জুলাইয়ের আগেই ফলন দিতে শুরু করে। টমেটো শীতকালীন ফসল, এ কারণে অসময়ে এটি উৎপাদনের ফলে কৃষকরা ভাল দাম পাচ্ছেন। বর্তমানে স্থানীয় বাজারে প্রতিকেজি টমেটো ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় মসলা গবেষণা কেন্দ্র জানিয়েছে, প্রতি ১ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন বারি-৪ জাতের টমেটো ১৫ থেকে ২০ টন পর্যন্ত উৎপাদন হয়। এ চাষ মাঠপর্যায়ে সম্প্রসারণ করা গেলে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা সম্ভব।


