মাগুরানিউজ.কম: আজ দুপুরে মাগুরা সদরের ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনশ’ শিক্ষার্থীকে দুপুরের খাবার (মিড ডে মিল) সরবরাহ করা হলো।স্কুলের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি চালু হয়েছে। কর্মসূচির আওতায় বিদ্যালয়ের তিনশ’ শিক্ষার্থীকে স্কুল চলাকালীন প্রতিদিন দুপুরের খাবার সরবরাহ করা হবে।
মাগুরাতে এ স্কুলেই প্রথম ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু হলো।
মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক মাহবুবর রহমান সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দীপ্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা জানান, বিদ্যালয়টির মালিকানায় ১৪ দশমিক ১৪ একর জমি রয়েছে। এ জমির আয় থেকেই নিয়মিত এ মিড ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
পরিচালনা কমিটির সদস্যরা বিভিন্ন সময়ে বিদ্যালয়ের বেহাত হয়ে যাওয়া প্রায় পাঁচ একর জমি পুনরুদ্ধারেরও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তারা বিদ্যালয়ের জমি দাতা প্রিয়নাথ সাহা ও অধর চন্দ্র সাহার স্মৃতি সংরক্ষণেরও আহ্বান জানান।

