মাগুরানিউজ.কমঃ
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার সাথে যুক্ত হয়েছে বরফ শীতল ঠান্ডা। হাড় কাঁপানো শীতে কাঁপছে মাগুরা। প্রকৃতিতে এসেছে শূচি-শুভ্র আমূল পরিবর্তন। আর এই প্রচন্ড শীতকে বরণ করে ব্যবসায়ীরা ব্যবসার ধরন পাল্টেছে।
বাহারি পশরা সাজিয়ে জেলার হাটে-বাজারে, ফুটপাতে, অলি-গলি, রাস্তায়, নদীর ঘাটে, স্কুল-কলেজের মাঠের কোণে বসে চালাচ্ছেন ঋতুনির্ভর ব্যবসা।
শীতের চাদরে মুড়ে প্রয়োজনের তাগিদে দোকান পেতে বসেছেন মৌসুমি পিঠা ব্যবসায়ীরা। ভরা শীতে চলছে পিঠা বিক্রির ধূম। আর সাধারণ মানুষও খাচ্ছেন এসব ধোয়া-ওঠা গরম পিঠা।
অনেকেই মৌসুমী এই ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন। তেমন একটা পুঁজি লাগেনা বলে সহজেই এ ব্যবসা শুরু করা যায়। জ্বালানি হিসেবে খড়ি, অকেজো কাঠের টুকরা, কিংবা গাছের শুকনা ডাল ব্যবহার করছেন তারা। কিছু গুড়, আটা, নারিকেল নিয়ে খুলে বসেছেন মৌসুমী ব্যবসা।
শীতের সকালে ও বিকেলে দোকানের সামনে দাঁড়িয়ে এই পিঠা খাচ্ছেন গ্রাহকরা। তবে কেউ কেউ আবার তাদের বসার ব্যবস্থাও করেন।


