মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের ছানা বাবুর বটতলা এলাকায় একটি নর্দমা থেকে সোমবার বিকেলে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দুপুরের দিকে ওই এলাকার বাসিন্দা নিমাই সাহার বাড়ির পিছনের নর্দমা পরিস্কার করার জন্য কয়েকজন শ্রমিক নিয়োগ করা হয়। তারা পরিস্কার কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যে সেখানে দূর্গন্ধযুক্ত ও গলিত অবস্থায় লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশটি বিকাল ৪টার দিকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সদর থানার এসআই আনিসুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হলেও শরীরের প্রায় নব্বই শতাংশই গলে গেছে। যে কারণে লাশের সুরতহাল রিপোর্ট থেকে কোন প্রকার পরিচয় উদ্ধার করা সম্ভব নয়। তবে বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানিয়েছেন, দুয়েকদিন আগে কে বা কারা তাকে হত্যার পর সেখানে ফেলে রাখতে পাারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যেতে পারে।


