মাগুরাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে আজ শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। কাত্যায়নী পূজার নবমীতে বিভিন্ন মন্ডপে চলছে জগদ্ধাত্রী পূজা।
জেলা সদরে ৫টি সহ জেলায় প্রায় অর্ধশত মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে।
মাগুরা শহরের নিজনান্দুয়ালী দত্ত বাড়ির ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা সুপ্রাচীন কাল থেকে বংশ পরম্পরায় অনুষ্ঠিত হয়ে আসছে।শতবর্ষ পেরিয়ে এ পূজা এখনো তার বনেদিআনায় অটুট রয়েছে।
দত্ত বাড়ির নিমাই কুমার দত্ত ও তুষার কুমার দত্ত জানান, বংশ পরম্পরায় অনুষ্ঠিত হওয়া এ পূজা তারা চালিয়ে যেতে চান। তারা আরো জানান মাগুরাতে ব্যক্তি উদ্যোগে এবং পারিবারিক ভাবেই বেশিরভাগ জগদ্ধাত্রী পূজার আয়োজন হয়ে থাকে। এই পূজা উপভোগ করতে দুর-দূরান্ত থেকে আত্নীয়জনেরা উপস্থিত হন।
ঐতিহ্যবাহী এ পূজার বিষয়ে দত্ত পরিবারের প্রয়াত সন্তোষ কুমার দত্তের সহধর্মিনী লিপিকা দত্ত জানান, বংশ পরম্পরায় বাড়ির নিজস্ব মন্দিরে প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বংশের পূর্বপুরুষ লোহারাম দত্ত প্রথম এই পূজার প্রচলন করেন।


