মাগুরানিউজ.কম:
প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীর কর্মব্যস্ত জীবনে ফিরছেন মাগুরাবাসী। মহাসড়কে যানজট না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা। কিন্তু যাত্রীদের জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করছে পরিবহণমালিকরা। এছাড়া মাগুরা শহরে আসতেও তাদেরকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে।
একই সঙ্গে মাগুরায় এসে বাস থেকে নেমে যানবাহনের সংকটে পড়তে হচ্ছে তাদের। আজ শুক্রবার মাগুরার রাস্তায় যানবহনের সংখ্যা কম। ফলে চলাচল করা গাড়িগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে মাগুরায় আসার জন্যেও।
মাগুরা বাস টার্মিনাল এবং ঢাকাররোড ঘুরে এসব চিত্র পাওয়া গেছে।
মাগুরার বিভিন্ন উপজেলা থেকে আগত বাস টার্মিনালে এসে থামে। ফলে এখানে গাড়ির চাপ বেশি থাকে। সেখানে আসা বাস থেকে মানুষকে নামতে দেখা গেছে। সেই যাত্রীরা বলছেন, তাদের কাছ থেকে দেড়গুণ, দ্বিগুণ ভাড়া আদায় করা হয়েছে।
এদিকে বাস টার্মিনালে মনিটরিং টিমের কার্যক্রম লক্ষ্য করা গেছে। টার্মিনালে মনিটরিং টিমের দায়িত্বপালনরত এক সদস্য জানান, বাসগুলো যাতে বাড়তি ভাড়া না নিতে পারে বা যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী না তুলতে পারে, সেই বিষয়ে তারা লক্ষ্য রাখছেন।
শুক্রবার দুপুর ১টা পর্যন্ত বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া মনিটরিং টিমের কাছে সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগ আসেনি বলেও জানান এই সদস্য।


