মাগুরানিউজ.কমঃ
ফাগুনের আগুন চৈত্রে এসে তেজ বাড়িয়েছে বহু গুণ। সে আগুন মানুষের মন ছুঁয়ে প্রকৃতিতেও ছড়িয়েছে। তীব্র দাবদাহে জীবন যেন ওষ্ঠাগত। গরমে বসন্তের রং চৈত্র সংক্রান্তিতে অনেকটাই মিলে যাওয়ার মতো। গাছে গাছে পত্র-পল্লবের পূর্ণতা এসেছে বেশ আগেই।
ঋতুরাজ বসন্তের উদাস হাওয়া স্বাগত জানিয়েছে বৈশাখের ঝড়ো হাওয়াকে। ‘এসো হে বৈশাখ, এসো এসো।’ ঈশানকোণে কাল বৈশাখীর মেঘরাশিও উঁকি দিয়েছে চৈত্রের শেষ বেলায়। যেন প্রকৃতিতেও চলছে বর্ষবরণের ধুম আয়োজন।
আজ পহেলা বৈশাখ। বাংলা ১৪২৩ সন। পুরাতন বছরের জরা দূর করে নতুনের কেতন উড়িয়ে বৈশাখ এসেছে বাংলাকে নবরূপ দিতে। বৈশাখের বাতাবরণে ধরণী অস্থির হলেও বাঙালির মন হয়ে ওঠে আরো যৌবনা। অতীতের সকল গ্লানি মুছে বাঙালি ফিরে পাবে নবপ্রাণ।


