মাগুরানিউজ.কমঃ
”উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে, ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই…”
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সূচনার কাল। প্রতিবছর মহান স্বাধীনতা দিবস জাতির জীবনে প্রেরণায় উজ্জীবিত হওয়ার নতুন বার্তা নিয়ে আসে। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে জাতি।
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭টায় নোমানি ময়দানস্থ শহীদ বেদীতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মুহ.মাহবুবর রহমান পুস্পার্ঘ অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে সেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


