মাগুরানিউজ.কমঃ
মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্যে অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত চারটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার মঘি দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মষি ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দাউদ মোল্লার সমর্থকদের মধ্যে আজ মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়ে সাহেলা বেগম ও নাসিমা খাতুন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষে অন্তত ১০ জন আহত ও সাহিদুল ইসলাম, কবির মোল্লা, আমিরুল বিশ্বাস এবং ফরিদ হোসেনের বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাগুরা সদর থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, “পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।”
– ফাইল ছবি


