মাগুরানিউজ.কমঃ
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা (বিনা পরোয়ানায় গ্রেপ্তার) ও ১৬৭ ধারায় আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (পুলিশি রিমান্ড) সংশোধনে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
তবে হাইকোর্টের দেয়া নির্দেশনার ওপর কিছু মোডিফিকেশন (সংস্কার) দেবেন বলে জানিয়েছেন আদালত। কী মোডিফিকেশন দেবেন তা লিখিত রায়ে জানা যাবে। এ ব্যাপারে আইনজীবীরা পরিষ্কার করে কিছু বলতে পারেননি। তারা বলছেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
মঙ্গলবার (২৪ মে) সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে গ্রেপ্তারি পরোয়ানা ও পুলিশি হেফাজতে আসামিদের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সেটিই বহাল থাকল।
৫৪ ধারায় গ্রেপ্তার করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বলেছেন, ‘পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে না পেলে আমরা এ বিষয়ে পরিষ্কারভাবে কিছু বলতে পারব না।’ তারা বলেন, ‘হাইকোর্ট যে রায় ও নির্দেশনা দিয়েছিলেন সেগুলো বহাল থাকল। সরকারের আপিল খারিজ হয়ে গেল।’


