মাগুরানিউজ.কমঃ
ধুমপান করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ধুমপান হৃদরোগের কারণ। বিষয়টি নিয়ে ভাবনা আছে পুরো বিশ্বের।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এক যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়ন করার কথা চিন্তা করছেন। তার পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ২০০১ সালে পরে যারা জন্মেছেন তাদের সকলের জন্য সিগারেট বা ধুমপান আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে। শুধু তাই নয়, এই পরিকল্পনা সফল হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে গোটা অস্ট্রেলিয়া থেকেই নিষিদ্ধ হতে পারে ধুমপান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, নতুন পরিকল্পনা যদি বাস্তবায়িত করা যায় তবে রাজ্য থেকে ধুমপায়ীর সংখ্যা অনেক কমে যাবে।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সংসদ সেদেশের বাসে এবং ট্যাক্সিস্ট্যান্ডে ধুমপান সম্পূর্ণ নিষেধ করেছে। এমনকি বিভিন্ন শপিং মল, চাইল্ডকেয়ার সেন্টার, উদ্যান ও খেলাধুলার স্থানেও ধুমপান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ক্রমশ রাজ্যের বাসিন্দারা তাদের ঘরে বসেও যাতে ধুমপান না করতে পারে সেবিষয়েও ব্যবস্থা নেয়া হবে বলেও জানা গেছে। তবে নির্দিষ্ট কিছু এলাকায় ধুমপান করা যাবে এমন ব্যবস্থাও থাকবে। ক্যান্সার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক জেফ দুন সরকারের এই সিদ্ধান্তকে সাধু বাদ জানিয়েছেন।


