মাগুরানিউজ.কমঃ
বিশিষ্ট ক্রীড়ালেখক ও ধারাভাষ্যকার জীবন বোস আজ রোববার পরলোকগমন করেছেন। যশোরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
চিরকুমার জীবন বোস, ১৯৪৩ সালের ৩১ আগস্ট যশোর জেলার মাগুরা মহকুমার শালিখা থানার ধলেশ্বরগাতী গ্রামে জন্ম গ্রহণ করেন।
ক্রীড়া লেখক হিসেবে দেশের শীর্ষস্থানীয় দৈনিক আজাদ, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, পাক্ষিক ক্রীড়াজগতে লেখালেখি করেন। যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ ও দৈনিক রানার পত্রিকার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭-৯৫ সাল পর্যন্ত বেতারে নিয়মিত ধারাভাষ্য দিয়েছেন। ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্য। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি যশোর শাখারও সদস্য ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি তাকে দিয়েছেন সংবর্ধনা।
এর আগে ১৯৫৯-৬৬ সাল পর্যন্ত যশোর প্রথম বিভাগ ফুটবল লিগে খেলেছেন ইস্টবেঙ্গল, এভারগ্রিন ও ইস্টার্ন ক্লাবে। আর ক্রিকেটার হিসেবে ১৯৬২-৬৮ সাল পর্যন্ত খেলেছেন ইস্টার্ন ক্লাবে। ছিলেন স্কুল শিক্ষক।
দীর্ঘ ৩৭ বছর যশোরের হাশিমপুর স্কুলে শিক্ষকতা করেন।
নীলগঞ্জ মহাশস্মানে আজ দুপুরে অনুষ্ঠিত হয় জীবন বোসের শেষকৃত্যানুষ্ঠান। এর আগে যশোর প্রেস ক্লাবে তার মরদেহ রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য।
তার মৃত্যুতে মাগুরানিউজ পরিবার শোক প্রকাশ করেছে।


