মাগুরানিউজ.কমঃ
আগামী ৭ মে অনুষ্ঠেয় চতুর্থ ধাপের নির্বাচনের জন্য দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানিয়েছেন, শুক্রবার বৈঠকে চতুর্থ ধাপের জন্য ৫৫০ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলো স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে।
আগামী ৭ মে দেশের বিভিন্ন স্থানে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২২ মার্চ প্রথম এবং ৩১ মার্চ দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ছয় ধাপে সারা দেশে এ নির্বাচন সম্পন্ন করার জন্য গত ফেব্রুয়ারি মাসে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ড সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকগুলোতে বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে এখনও পর্যন্ত কোন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নাই। চতুর্থ ধাপের সব কয়টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত হলে নামের তালিকা ঘোষণা করা হতে পারে।


