মাগুরানিউজ.কমঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আর শেষ হবে ৯ জুন। প্রথমদিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র এবং আলিমে কোরআন মজিদ বিষয়ের পরীক্ষা রয়েছে। এবার পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করা হয়েছে।
এইচএসসি পরিক্ষার্থীদের মাগুরানিউজের পক্ষ থেকে অনেকেঅনেক শুভেচ্ছা।
দিনের প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। আর শেষ ভাগের পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
৩ এপ্রিল বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। প্রথমবারের মতো এবার এমসিকিউ অংশ পরীক্ষার প্রথম ৫০ মিনিটে নেয়া হবে। ১০ মিনিট বিরতি দিয়ে পরের দু’ঘণ্টায় নেয়া হবে সৃজনশীল অংশের পরীক্ষা।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ জুন এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ থেকে ২০ জুনের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা নেয়ার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে আমরা অত্যন্ত কঠোর। প্রশ্ন প্রণয়নসহ ছাপা, পরিবহন ও অন্যান্য কাজে জড়িতরা এবং কোচিং সেন্টার, ফেসবুক গোয়েন্দা নজরদারিতে আছে। পরীক্ষার সময় কেন্দ্রের আশপাশে ফটোকপির দোকান বন্ধ থাকবে। পরীক্ষা নিয়ে শিক্ষক বা অন্য কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা মহল কোনো ধরনের অন্যায়ে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তো দূরের কথা, বিভ্রান্তি ছড়ালেও দুটি আইনে বিচার করা হবে। এর একটি হচ্ছে, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন, অপরটি ২০০৬ সালের আইসিটি আইন। প্রথম আইনে ৪ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড আর পরের আইনে ৭ থেকে ১৪ বছরের কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান আছে।
তিনি পরীক্ষায় নকল সরবরাহ বা অন্য অপরাধ করা থেকে শিক্ষকদের বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো শিক্ষক নকল সরবরাহ বা অন্য কোনোভাবে কাউকে পরীক্ষার হলে সহায়তার চেষ্টা করবেন না। যদি কেউ ধরা পড়েন তাহলে কেবল বিভাগীয় ব্যবস্থা নয় সেক্ষেত্রে গ্রেফতার, চাকরিচ্যুত, বেতনকাটা, দণ্ডবিধিতে মামলাসহ নানা ব্যবস্থা নেয়া হবে।


