মাগুরানিউজ.কমঃ
বাছাই পর্বে দুর্দান্ত পারফর্ম করে সুপার টেনে উঠেছিল বাংলাদেশ দল। কিন্তু তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে হারিয়ে এলোমেলো হয়ে পড়ে মাশরাফি বাহিনী। সেই ঝড় কাটিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা। আগের দুই ম্যাচ হারলেও ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাংলাদেশ। কাগজে-কলমে সেমিফাইনালে ওঠার কিছুটা সুযোগ আছে মাশরাফিদের। আর সেটার জন্য ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নাই।
কঠিন সমীকরণ মাথায় রেখেই ভালো কিছুর আশায় বুধবার বেঙ্গালুরুতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিতলেই শেষ চারে ওঠার মৃদু সম্ভাবনা তৈরি হবে টাইগারদের। প্রতিপক্ষ ভারতেরও এ ম্যাচে জয় চাই।
নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছিল ধোনির দল। পাকিস্তানের বিপক্ষে জিতে খেলায় ফিরেছে তারা। এবার বাংলাদেশকে না হারাতে পারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে দলটিকে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টিভি।


