মাগুরানিউজ.কমঃ
জয় দিয়ে বিশ্বকাপ লড়াই শুরু করেছে বাংলাদেশ। সুপার-১০ নিশ্চিত করতে এবার দ্বিতীয় বাধা পার হতে হবে টাইগারদের। আর সেই লক্ষ্যে শুক্রবার রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। বাংলাদেশ সময় রাত ৮টায় ধর্মশালায় শুরু হবে তাদের এই ব্যাট বলের যুদ্ধ।
অবশ্য এ যুদ্ধের আগে একটা ধাক্কা পেলো বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শেষে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। বাংলাদেশ দল এতে অবাক হয়েছে। কোচ হাথুরুসিংহে আইসিসি’র এমন আচারণ নিয়ে প্রশ্নও তুলেছেন।
মুস্তাফিজ চোট পাওয়ায় বাংলাদেশের বোলিংয়ে বড় শক্তি এখন তাসকিন। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে তার বড় অবদান ছিল। কিন্তু হঠাৎ করেই তাকে সন্দেহ করলো ভারতীয় ও অস্ট্রেলীয় আম্পায়াররা। তাসকিনের বল তারা আগেও দেখেছেন। তখন কোনো সন্দেহ হয়নি। বিশ্বকাপ শুরুর পর হঠাৎ সন্দেহ প্রকাশ করায় তাদের আচারণই এখন প্রশ্নবিদ্ধ।
বাংলাদেশের সমর্থকরা সামাজিক মাধ্যমে এ নিয়ে সরব। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও ক্ষিপ্ত। সুপার টেন পর্বে ভারত ও অস্ট্রেলিয়া যে গ্রুপ আছে সেই গ্রুপে বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা। তাই অনেকে তিন মোড়লের ক্রিকেট বিশ্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।


