মাগুরানিউজ.কমঃ
রাজীব মিত্র জয়-
সুপার সানডে। সুপারসনিক গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। দিনের হিসাবে সেটিই হতে পারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনবদ্য সৃষ্টি। যেটির রচয়িতা হবে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
ক্রীড়ার ক্ষেত্রে ‘দিন’ বলে একটি কথা থাকে। সেই দিনটি যদি হয় বাংলাদেশের, তাহলে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধে সাড়ে ৭টার ম্যাচে ভারতের বিপক্ষে জয়ী হয়ে এশিয়া কাপের শিরোপা উঁচু করে ধরার ভাগ্য মিলবে মাশরাফি বাহিনীর। বিশেষ করে দিনটি যে রবিবার।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ এখন পর্যন্ত তিন ফরম্যাটের (টেস্ট, ওয়ানডে, টি-২০) ক্রিকেটে ৪৫৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ১১৩ ম্যাচে। মজার বিষয় হলো, এর মাঝে ২৬ ম্যাচই বাংলাদেশ জিতেছে রবিবারে। আজ ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইলাটিও যে রবিবার।
সৌভাগ্যের দাবিদার বাংলাদেশ হবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে আজ রাত ১১টা পর্যন্ত।
ফাইনালের আগের বাংলাদেশ দলে আত্মবিশ্বাসের অভাব নেই। তবে সেই আত্মবিশ্বাস দিয়ে দেশকে আনন্দের বন্যায় ভাসানোর প্রতিশ্রুতি দিচ্ছেন না মাশরাফি। অধিনায়ক মনে করেন, সাফল্যের পতাকা ওড়াতে পারলে ভালো, না ওড়াতে পারলেও এগিয়ে যাওয়ার বার্তাটা থাকবে, ‘এমন নয় যে বাংলাদেশের ক্রিকেট এখানেই থেমে যাচ্ছে। এই টুর্নামেন্ট খুব ভালো একটা বার্তা দিয়েছে যে টি-টোয়েন্টিতেও আমরা এগিয়ে যাচ্ছি। জিতলে অসম্ভব ভালো লাগবে। না জিতলেও আমরা এগিয়ে যাব।’
এই যাত্রায় মাশরাফিদের পেছনে আছে পুরো বাংলাদেশ। শুভকামনা রইলো ‘মাগুরা নিউজ’ ও ‘মাগুরাবাসী’র।
-সম্পাদক ‘মাগুরা নিউজ’।


