মাগুরানিউজ.কমঃ
এশিয়া কাপের অষ্টম ম্যাচে অন্যতম হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। জিতলে কোনো হিসেব-নিকেষ ছাড়াই ফাইনালে ভারতের সঙ্গী হবে টাইগাররা। তাই মাগুরায় ক্রিকেটভক্তদের একটাই আওয়াজ ‘পাকিস্তান হারাও, ফাইনালে যাও’।
ফাইনালে না যাওয়ার তেমন কোনো কারণ কী রয়েছে মাশরাফির দলের। ভারতের বিপক্ষে হারের পর সমালোচনা হয়েছে। কিন্তু পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে দাপটের সঙ্গে হারিয়ে সেখান থেকে উত্তীর্ণও হওয়া গেছে। তবে বাংলাদেশের জন্য আসল শক্তির সঞ্চার করেছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়টা। এমন সাফল্যে বরাবরই বাংলাদেশ ‘অন্য বাংলাদেশ’ হয়ে ওঠে। হয়ে ওঠে আত্মবিশ্বাসী।
আজ পাকিস্তানেরও সেই বাংলাদেশকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। আর তেমনটা হলে সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে এক উত্তাল বাংলাদেশের সামনেই পড়তে যাচ্ছে প্রায় ডুবন্ত পাকিস্তান।


