মাগুরানিউজ.কমঃ
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক:
দেশে প্রথমবারের মতো ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারের মাধ্যমে যোগাযোগ শুরু করেছে জুনাইদ আহমেদ পলক। লাইভ ভিডিও ফিচার ব্যবহার করে বার্সেলোনা থেকে জুনায়েদ আহমেদ পলক বলেন, ফেসবুকের আরও যতো নতুন অ্যাপস সুবিধা আছে, তা বাংলাদেশে চালু করা হবে। মাসখানেক আগ থেকে ভয়েস কল ও ভিডিও কল চালু করা হয়েছে।
সেলিব্রেটিরা তাদের পেজ’র মাধ্যমে ব্যবহারকারীদের সরাসরি ভিডিও স্ট্রিমিং করার সুযোগ পাচ্ছেন। দু’দিন আগে মার্ক জাকারবার্গ লাইভ স্ট্রিমিং করেছেন। এরপর মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্পেনের বার্সেলোনা থেকে লাইভ স্ট্রিমিং করেছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
২১বিডি২৪ডটকম জানায়, তিনি ডিজিটাল ওয়ার্ল্ডে যোগ দেওয়ার জন্য ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে আগামী অক্টোবর মাসে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন স্ট্রিমিং সুবিধা ব্যবহার করে গত পরশু মার্ক জাকারবার্গ ভিডিও স্ট্রিমিং করেছেন। এরপর আমি লাইভ স্ট্রিমিং করেছি। এটি লাইভ দেখেছে ১২ হাজারের বেশি দর্শক।
লাইভ ভিডিও ফিচারের জন্য ফেইসবুকের মেনশন অ্যাপ থেকে লাইভ ভিডিও ফিচার চালু করে ভিডিও স্ট্রিমিং করা যাবে। ভিডিওগুলোর বর্ণনাও জুড়ে দেওয়া যাবে। নিজের প্রয়োজন মতো ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা সিলেক্ট করে ভিডিও স্ট্রিম করা যাবে।
শুরুতে লাইভ স্ট্রিমিং ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছিলেন শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। এখন এটি উন্মক্ত করে দেওয়া হচ্ছে।


