মাগুরানিউজ.কম:
উলুধ্বনিতে মুখরিত নবগঙ্গা পাড়। ভক্তদের উপচেপড়া ভিড়। একটানা বেজেই চলেছে ঢাক। এভাবেই ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে বিসর্জন দেওয়া হল দেবী দুর্গার।
এর মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মর্তলোকে পূজিত হয়ে ফের কৈলাসে স্বামীগৃহে ফিরে গেলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। পেছনে ফেলে গেলেন ভক্তদের আনন্দ-উল্লাস আর বিজয়ের অশ্রু।
শুক্রবার সন্ধ্যায় শহরের থানাপাড়া পূজা কমিটির প্রতিমা বিসর্জন দেওয়া হয় সাতদোহা ল্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গনে। বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করেন।
মাগুরা শহরের ঐতিহ্যবাহী থানা পাড়া পূজা কমিটির সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র বলেন, এবারের পূজা নিরাপদেই সম্পন্ন হয়েছে। সুন্দরভাবে সব আনুষ্ঠানিকতা শেষ করতে পেরেছি।
গত ১৯ অক্টোবর মহাষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতায় সামিল হন এ ধর্মাবলম্বীরা। একে একে মহাসপ্তমী, মহাষ্টমী পেরিয়ে বৃহস্পতিবার মহানবমী ও বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ নানা আচার-অনুষ্ঠান পালন করেন। দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

