মাগুরানিউজ.কম:
ভারতের নয়াদিল্লীতে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে অষ্টম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও পদক অর্জনকারী বাংলাদেশের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
কমনওয়েলথ কারাতে প্রতিযোগিতায় পুরুষ ইভেন্টে ১টি রৌপ্য ও ২টি তাম্রপদক এবং মহিলা ইভেন্টে ১টি রৌপ্যপদক অর্জন করে বাংলাদেশ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার পদকপ্রাপ্ত খেলোয়াড়দের অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সুনাম ও গৌরব বৃদ্ধির আহ্বান জানান।
তিনি বলেন, “বিশ্বঅঙ্গনে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাবেই। দেশকে নিয়ে যেতে হবে আরও উন্নতির শিখরে।”
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

