মাগুরানিউজ.কমঃ
বৃহত্তর যশোরের চার জেলায় ১০ টাকার চাল বিতরণে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা মাঠে গিয়ে দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে নেমেছেন। একই সঙ্গে ওজনে কম দেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।
পাশাপাশি তালিকা তৈরিতে কোনো স্বজনপ্রীতি হয়েছে কি না তা দেখতে সংশ্লিষ্ট এলাকার খাদ্য নিয়ন্ত্রক অফিসকে তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র মতে, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা নিয়ে যশোরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়। এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রধান কার্যালয়ের নির্দেশে চাল নিয়ে ‘চালবাজির’ বিষয় অনুসন্ধান করছে। প্রমাণ পেলে দোষী চেয়ারম্যান, মেম্বার ও ডিলারদের নামে মামলা দিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবে।


