মাগুরানিউজ.কম:
আগামী ২০ নভেম্বর থেকে এই বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু হবে বলে জানা গেছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার সমাপনী পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে, বাংলা ২১ নভেম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৩ নভেম্বর হবে প্রাথমিক শিক্ষার ‘প্রাথমিক বিজ্ঞান’ ও ইবতেদায়ি শিক্ষার আরবি বিষয়ের পরীক্ষা। প্রাথমিক শিক্ষার ‘ধর্ম ও নৈতিক শিক্ষা’ এবং ইবতেদায়ি শিক্ষার ‘কোরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ’ বিষয়ের পরীক্ষা হবে ২৪ নভেম্বর এবং ২৭ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আড়াই ঘণ্টার এই পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হবে। তবে বিশেষ (প্রতিবন্ধী) শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে।
এ বছর স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩১ লাখ ২৫ হাজার পরীক্ষার্থী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থী অংশ নেবে।


