মাগুরানিউজ.কম:
ঈদ শেষে লোকজন ঢাকায় ফিরতে মাগুরার বাস কাউন্টারগুলোতে কোনো টিকিট পাচ্ছেন না। কয়েকজন অভিযোগ করেন, টিকিট শেষ হয়ে গেছে—এমন অজুহাত দেখিয়ে লোকজনের কাছে টিকিটপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামেও বিক্রি হচ্ছে। এভাবে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তদবির করে অনেকের টিকিট মিলেছে। তবে তাঁরা নাম প্রকাশ করতে বা পরিবহনের নাম বলতে অপারগতা প্রকাশ করেন।
শহরের নিউ সোনাপট্টির মজিবর রহমান তাঁর মেয়ের জন্য একটি টিকিট নিতে ঘুরছেন। তিনি বলেন, বেশি দাম দিয়ে হলেও টিকিট সংগ্রহ করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি চাকরিজীবী বললেন, ‘শীতাতপনিয়ন্ত্রিত একটি বাসের ৮০০ টাকার টিকিট এক হাজার ৪০০ টাকা করে চারটি টিকিট পাঁচ হাজার ৬০০ টাকায় কিনতে হয়েছে।’
শহরের নতুন এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘সারা বছর বাসে চলাচল করে আসছি। কিন্তু ঈদে এসে টিকিটের জন্য অনেকের কাছে দেনদরবার ও তদবির করতে হয়।’
কাউন্টারের ব্যবস্থাপকরা বলেন, গ্রামের বাড়িতে ঈদ করতে আসে অনেক বেশি মানুষ। কিন্তু সে অনুযায়ী বাসের টিকিট আর কতটি? ঈদ ছাড়া অন্যান্য সময় গাড়িগুলোতে তেমন একটা লোকের চাপ থাকে না। তাই ঈদ এলে এমন কথা শুনতে শুনতে আমরাও অভ্যস্ত হয়ে পড়েছি।
তারা বলেন, ঈদের পরে একসঙ্গে অনেক মানুষ ঢাকায় ফিরছে। কিন্তু সে অনুযাযী গাড়ির সংখ্যা কম। সেখানে আমরাও নিরুপায়। এতে অনেক পরিচিতজনের সঙ্গে সম্পর্কের অবনতিও ঘটে। কিন্তু কিছু করার থাকে না।


