মাগুরানিউজ.কমঃ
আগামী ২, ৩ ও ৪ জুলাই শিল্প এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় ঈদের আগে পোশাকশিল্পসহ সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আসন্ন ঈদে নয়দিন টানা সরকারি ছুটিতে শ্রমিক, কর্মচারী ও শিল্প মালিকদের আর্থিক লেনদেনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে বেলা পৌনে তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ মহাসড়কগুলো যানজট ও চাঁদাবাজিমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।
প্রতি বছর ঈদের আগে বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। বেতন-বোনাসের দাবিতে কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ হাজার ৭৩৮টি পোশাক শিল্প-কারখানা রয়েছে। বেতন-ভাতা ও বোনাস পরিশোধের সুবিধার্থে ঈদের সরকারি ছুটির নয়দিনের মধ্যে তিন দিন ২, ৩ ও ৪ জুলাই কয়েকটি ব্যাংক খোলা রাখা হবে।


