মাগুরানিউজ.কমঃ
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার ধুম। মাগুরা জেলা শহরসহ জেলার প্রতিটি হাট-বাজারগুলোতে জমতে শুরু করছে কেনাকাটা। তবে দর শুনে নিম্নবিত্ত মানুষের কপালে ভাঁজ পড়েছে। উচ্চবিত্তরা বেশি দরে পছন্দের পোশাক কিনলেও নিম্ন-মধ্যবিত্ত মানুষের আশা পূরণ দুস্কর হয়ে পড়েছে। এ দোকান-সে দোকান ঘুরে সাধ ও সাধ্যের সমন্বয় না হওয়ায় খালি হাতে হতাশায় ফিরে যাচ্ছেন।
অস্বাভাবিক দর বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।
বাজারে কোনো মনিটরিং ও আইনি পদক্ষেপ না থাকায় দোকানিরা ইচ্ছেমত দরে বিক্রি করছেন। এর কোনো প্রতিকার কিংবা প্রতিবাদ করতে গেলেই দোকানিদের সঙ্গে ক্রেতাদের বাকবিতণ্ডা এবং কোনো কোনো ক্ষেত্রে হাতাহাতির অবস্থা সৃষ্টি হচ্ছে বলে জানান ভুক্তভোগী ক্রেতারা। তবে দোকানিদের দাবি দর বৃদ্ধি হয়েছে এটি যেমন ঠিক, তেমন অনেক পোশাকের দর কমেওছে।


