মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামে জমি-জমাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অছেল মোল্লা(৪৫), সালাহউদ্দিন মোল্লা(১৫), রেবেকা(৩৫), আয়েব আলী(৪০) ও মুহায়মান(১৫) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ ও এলাকাবাসী জানান রায়পাশা গ্রামে অছেল মোল্লার সঙ্গে আয়ুব মোল্লার জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্যভাবে মিমাংশার জন্য এলাকার মাতবর হাবিবুর রহমান উভয়পক্ষকে তার বাড়িতে ডাকে। উভয়পক্ষ উপস্থিতিতে শালিশে দেনদরবার চলতে থাকে। দেন-দরবারের একপর্যায়ে হঠাৎ করে অছেলের সঙ্গে আয়ুব মোল্লার কথাকাটাকাটি হয় এবং কথাকাটাকাটির এক এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয়পক্ষের মহিলাসহ ৫ জন আহত হয়। আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা(ওসি) তদন্ত মোঃ শাখায়ত হোসেন জানান, বিষয়টি জেনেছি তবে এখন ও পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


