মাগুরানিউজ.কমঃ
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ছয়টি শিরোপা জেতার রেকর্ড রয়েছে আর্জেন্টিনার। ব্রাজিলের সামনে সুযোগ ছিল ষষ্ঠ শিরোপা জিতে আর্জেন্টিনার পাশে বসার। কিন্তু পারেননি ব্রাজিলের যুবারা। পাঁচবারের চ্যাম্পিয়নদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে সার্বিয়া।
শনিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারায় সার্বিয়া। যুব বিশ্বকাপে এই প্রথম শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হলো সার্বিয়ানদের।
শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে অবশ্য দুই দলের কেউই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭০ মিনিটে সার্বিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন স্টানিসা মানদিচ। সতীর্থ নেমানিয়া মাকসিমোভিচের ক্রস থেকে ব্রাজিলের জালে বল জড়ান তিনি।
অবশ্য তিন মিনিট পরেই সম্পূর্ণ একক নৈপুণ্যে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান আন্দ্রেয়াস পেরেইরা। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
আর অতিরিক্ত সময়ের খেলায় ব্রাজিলের শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে দেয় সার্বিয়া। যদিও অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দল। কিন্তু খেলা শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতে মাকসিমোভিচের গোলে শিরোপা নিশ্চিত হয়ে যায় সার্বিয়ার।


