মাগুরানিউজ.কমঃ
পার্থে ত্রিদেশীয় সিরিজের বাঁচন-মরণ ম্যাচে মাত্র ২০০ রানেই অলআউট হয়েছে ভারত।
শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টিফ ফিন-ক্রিস ওকসদের তোপে ৪৮.১ ওভারে ইনিংস শেষ হয়েছে মহেন্দ্র ধোনি বাহিনীর।
অথচ ভারতের শুরুটা হয়েছিল আশা জাগানিয়াই। যে ওপেনারদের নিয়ে আগের পাঁচ ম্যাচে ভুগেছে ভারত, তারা এদিন ভালো সূচনাই এনে দিয়েছে টিম ইন্ডিয়াকে। উদ্বোধনী জুটিতে ২০.১ ওভারে ৮৩ রান করার পর বিচ্ছিন্ন হন শিখর ধাওয়ান (৩৮)।
৭৩ রান করে আউট হন আজিঙ্কা রাহানে। একাদশতম ব্যাটসম্যান মোহাম্মদ সামির ব্যাট থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ২৫ রান। এছাড়া ভারতের আর কোন ব্যাটসম্যানই ভদ্রস্থ স্কোর গড়তে পারেনি। আম্বাতি রায়ডুর ১২ আর ধোনির ১৭ বাদ দিলে বাকি সবাই আউট হয়েছেন এক অঙ্কের ঘরেই।
ইংল্যান্ডের স্টিফ ফিন ১০ ওভার বল করে ৩৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট গেছে ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড ও মঈন আলির দখলে। একটি উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন।


