মাগুরানিউজ.কমঃ
ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে চলা লিওনেল মেসি আরেকটি ইতিহাস গড়েছেন। রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড একার করে নিয়েছেন বার্সেলোনার এই তারকা।
নিজেদের মাঠ কাম্প নউয়ে রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে একাই তিনটি গোল করেন মেসি।
লা লিগায় বার্সেলোনা ফরোয়ার্ডের এটা ২৪তম হ্যাটট্রিক। ২৩ হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন মেসি।
গত ১৫ ফেব্রুয়ারি লেভান্তের বিপক্ষে তিন গোল করে করে লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের দৌড়ে রোনালদোকে স্পর্শ করেছিলেন মেসি।
আর সব ধরণের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার জার্সিতে মেসির এটা ৩২তম হ্যাটট্রিক। স্পেনের কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের সংখ্যাও এটা।


