মাগুরানিউজ.কমঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার মুখোমুখি হয় চেলসি ও লিভারপুল। হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে হোসে মরিনহোর দল। চেলসির হয়ে গোল করেছেন গ্যারি কাহিল ও দিয়েগো কস্তা।
অবশ্য ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড নিয়েছিল লিভারপুল। ম্যাচের ৯ মিনিটে ক্যানের গোল এগিয়ে যায় অলরেডরা। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ১৪ মিনিটে গ্যারি কাহিলের অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরায় চেলসি।
কাহিলের গোলটির জন্য গোল লাইন প্রযুক্তির আশ্রয় নিতে হয়। কারণ, কাহিলের শটটি গোল লাইনের উপর থেকে ধরে ফেলেন লিভারপুলের গোলরক্ষক। কিন্তু পরে গোললাইন প্রযুক্তির সাহায্যে দেখা যায় বলটি গোললাইন অতিক্রম করেছিল।
১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে দিয়েগো কস্তা গোল করে এগিয়ে নেন ব্লুজদের। তার এই গোলটি বাদবাকি সময়ে লিভারপুলের খেলোয়াড়রা শোধ দিতে না পারায় বিজয়ীর বেশেই মাঠ ছাড়ে চেলসির খেলোয়াড়রা।
এ জয়ের ফলে ১১ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে চেলসি।


