মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোয় বিজয় মিছিল করার জন্য আগামীকাল মঙ্গলবার হরতাল ১২ ঘণ্টা শিথিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ দলের বিজয়ে দেশবাসীর সঙ্গে বিএনপি ও ২০-দলীয় জোট গর্বিত ও আনন্দিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনেও এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় ২০ দলের পক্ষ থেকে সারা দেশে এ বিজয়কে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূর্বঘোষিত হরতাল কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিথিল থাকবে। তবে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে এবং মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল-অবরোধ যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।


