মাগুরানিউজ.কমঃ
সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। দলের নির্ভরতার প্রতীকও। এবার অনন্য এক কীর্তি গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট মিলে ৫০টি ফিফটির মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ। ওই ম্যাচে দারুণ এক ফিফটি করে বাংলাদেশকে জেতাতে অনন্য ভূমিকা রাখেন সাকিব। তার এবং সাব্বির রহমানের ফিফটিতে পাকিস্তানের করা ১৪১ রান ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। ফলে টানা তিন ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে বিধ্বস্ত করেন টাইগাররা।
ম্যাচে ৪১ বলে ৫৭ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন সাকিব। এ ছাড়া ৩২ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেন তরুণ তুর্কি সাব্বির। ওই ম্যাচে ফিফটি করার ফলে ক্রিকেটের তিন ফরম্যাটে সাকিবের হাফ সেঞ্চুরি পঞ্চাশের কোটা পূরণ হয়েছে। এর আগে এমন কীর্তি বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানই করতে পারেননি। অবশ্য তিন ফরম্যাটে ৪৯টি ফিফটি নিয়ে সাকিবের পরেই আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
সাকিব সবচেয়ে বেশি ফিফটি করেছেন ওয়ানডেতে, ২৮টি। সাদা জার্সিতে সাকিবের ফিফটির সংখ্যা ১৭টি। আর টি-টোয়েন্টিতে পাঁচটি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে সাকিবের সেঞ্চুরি না থাকলেও ওয়ানডেতে ৬টি এবং টেস্টে ৩টি তিন অঙ্কের ইনিংস রয়েছে। আর তামিম ওয়ানডেতে ২৯টি, টেস্টে ১৭টি এবং টি-টোয়েন্টিতে তিনটি ফিফটি করেছেন। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি না থাকলেও টেস্ট ও ওয়ানডেতে তার সেঞ্চুরি ৬টি করে।


