মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
৯৯৯ হেল্পলাইন সার্ভিসে কল করে জানানো এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মিজানুর রহমানের বাড়ি মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে চাষ করে দখল করতে যাওয়ায় বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরের ৯৯৯ নম্বরে ফোন দিয়ে আটক করা হয়েছে অভিযুক্তকে।
ভুক্তভোগী সদর উপজেলার চাঁদপুর গ্রামের আনোয়ার জাহিদ অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে মিজানুর রহমান। এ বিষয়ে মাগুরা সদর থানা ও সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করলে আদালত তার পক্ষে রায় দেয়। কিন্তু আদালতের আদেশ অমান্য করে মিজানুর রহমান ও তার লোকজন জোর করে জমি দখলের চেষ্টা চালায়। আনোয়ার জাহিদের পক্ষ থেকে মাগুরা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা চেয়ে গত বছর আবেদন করলে আদালত ওই জমিতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে মিজানুর রহমান ও তার লোকজন বুধবার সদর উপজেলার ধলহরা গ্রামে নিষেধাজ্ঞা আরোপিত ৩২ শতক জমিতে জোর করে ধান লাগাতে যায়। উপায়ন্ত না দেখে তিনি বিষয়টি পুলিশ সদর দপ্তরের জরুরী সেবা ৯৯৯ হেল্পলাইন সার্ভিসে কল করে জানায়। সদর দপ্তরের নির্দেশ পেয়ে দ্রুত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মিজানুর রহমানকে আটক করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মিজানুরকে আদালতে চালান দেয়া হয়েছে।

