মাগুরানিউজ.কমঃ
সরকারি হচ্ছে মাগুরার মহম্মদপুরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ সহ দেশের ২২টি বেসরকারি কলেজ।
সরকারিকরণের লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কলেজগুলোর প্রতিটির সরেজমিন পরিদর্শন করে পৃথক প্রতিবেদনে ১৪টি তথ্য জানতে চাওয়া হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহাকারী সচিব কাউসার নাসরীনের স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য বলা হয়েছে।
এর আগে গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারিকরণের লক্ষ্যে প্রস্তাবিত কলেজগুলোর মধ্যে কোনগুলো যুক্তিযুক্ত সেগুলো তথ্য সংগ্রহপূর্বক যাচাই-বাছাই করে দেখার কথা বলা হয়। একই সাথে বলা হয়, দেশের দুর্গম এলাকা, যেখানে সরকারি কলেজ নেই এমন এলাকাকে বিবেচনা করা। অর্থ বিভাগের মতামতও নিতে বলা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ২২টি কলেজের কথা উল্লেখ করা হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছিল ২১টি কলেজের কথা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ শেষ হলে সরকারিকরণের জন্য তা উপস্থাপন করা হবে।
যে ২২টি বেসরকারি কলেজ সরকারিকরণের জন্য প্রস্তাব করা হয়েছে, মাগুরার মহম্মদপুরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ, ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ, কাঁঠালিয়া উপজেলার তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজ, নেত্রকোনার বারহাট্টা উপজেলার বারহাট্টা কলেজ, খুলনার বটিয়াঘাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়, বাগেরহাটের শরণখোলা উপজেলার শরণখোলা ডিগ্রি কলেজ, মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোপালপুর কলেজ, কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ডিগ্রি কলেজ, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাবর্তীপুর ডিগ্রি কলেজ, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ডিগ্রি কলেজ, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ ডিগ্রি কলেজ, কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বঙ্গবন্ধু কলেজ, চট্টগ্রামের বাঁশখালী সদরের আলাওল ডিগ্রি কলেজ, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজ, মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, নওগাঁয়ের ধামইরহাট উপজেলার ধামইরহাট এম এম ডিগ্রি কলেজ, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা ডিগ্রি কলেজ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ ও বাগেরহাটের কচুয়া উপজেলার কচুয়া ডিগ্রি কলেজ।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিভিন্ন জেলায় অবস্থিত ২২টি বেসরকারি কলেজ সরকারি করার জন্য তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কথা বলা হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া নির্দেশনায় ২১টি কলেজের কথা উল্লেখ করা হয়। ১০ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া চিঠিতে বলা হয়, বিভিন্ন জেলায় অবস্থিত ২১টি মহাবিদ্যালয় সরকারিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত এমপি/উপ-মন্ত্রী/প্রতিমন্ত্রী/মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর কাছে উপানুষ্ঠানিক পত্র দাখিল করেছেন।



