মাগুরানিউজ.কমঃ
তিনি আগাগোড়াই গানের মানুষ। রাজনীতিতে অভিজ্ঞতার ঝুলি প্রায় শূন্য। তবুও বিজেপির টিকেটে ভারতের বিগত লোকসভা নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করেন জনপ্রিয় সঙ্গীত তারকা বাবুল সুপ্রিয়। পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোল থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবার ঠাঁই পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভাতেও।
শপথ নিলেও এখনও ঘোষণা হয়নি পোর্টফোলিও। তবে ধারণা করা হচ্ছে, গানের মানুষটিকে দায়িত্ব দেওয়া হতে পারে কয়লা অথবা ইস্পাত মন্ত্রণালয়ের।
তপন শিকদার, সত্যব্রত মুখোপাধ্যায়ের পর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি থেকে ফের কেউ কেন্দ্রিয় মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। মোদির মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি এখন বাবুল।
রাজ্যে বিজেপির অবস্থান তেমন শক্ত নয়। এ অবস্থার পরিবর্তন ঘটাতে চান মোদি। সে কারণেই রাজনীতিতে সম্পূর্ণ আনকোরা, অভিজ্ঞতাহীন বাবুল সুপ্রিয়কে জায়গা দেওয়া হল মন্ত্রিসভায়।


