ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কমঃ
দেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের অর্থনৈতিক ও নৈতিক স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস)। সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে ২৫ আগস্ট সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
কপিরাইট ও মেধাস্বত্ব আইন অনুযায়ী গীতিকার, সুরকার ও শিল্পীরা কীভাবে সুবিধাবঞ্চিত হচ্ছেন এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করা হয় সম্মেলনে। এখানে ছিলেন বিএলসিপিএসের সভাপতি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত মোস্তফা, সাধারণ সম্পাদক হামিন আহমেদ, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, মাকসুদ, আইয়ুব বাচ্চু, শুভ্র দেব, বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিএলসিপিএস-এর আইনি পরামর্শক ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ প্রমুখ।
জানা গেছে, সংগীতশিল্পীদের অর্থনৈতিক ও নৈতিক তথা কপিরাইট অধিকার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘সিস্যাক’ ও ‘ওয়াইপো’র একাধিক কনভেনশন অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশের অনুমোদিত কপিরাইট সোসাইটি সংগীত স্রষ্টাদের প্রাপ্য রয়্যালটি নিশ্চিতকরণে কাজ করছে। দীর্ঘদিন ধরেই অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান, টিভি চ্যানেল ও এফএম রেডিওসহ বিভিন্ন মাধ্যম এবং ওয়েবসাইটে প্রচারিত কাজ থেকে শিল্পীরা রয়্যালটি পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। বিএলসিপিএস রয়্যালটি আদায়ের লক্ষ্যেই গঠন করা হয়েছে। তাদের সঙ্গে অসংখ্য কণ্ঠশিল্পী, গীতিকবি এবং সুরস্রস্টা রয়েছেন। কপিরাইট অফিস থেকে এই সংগঠনের নিবন্ধন দেওয়া হয়েছে।’
বিএলসিপিএসের সভাপতি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, ‘এখন থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সংগীত ব্যবহারের অনুমোদন এবং রয়্যালটি প্রদানের জন্য এই প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ থাকবে। যেহেতু এই প্রতিষ্ঠান শিল্পীদের প্রাপ্য টাকা সংগ্রহ এবং বিতরণের দায়িত্ব নেবে সেজন্য আমরা সংগীত সংশ্লিষ্ট সকল শিল্পীদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে বামবাসহ বাংলাদেশের বিভিন্ন ধারার সংগীত কর্মীরা যুক্ত হয়েছেন।’
বিএলসিপিএস এর কর্মপরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, এই সংগঠন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ‘সিস্যাক’ নির্ধারিত ফর্ম্যাট অনুসরণে পরিচালিত হবে। শিল্পীদের প্রাপ্য রয়্যালটি অর্জনে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি তা থেকে মুক্ত হয়ে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’


