মাগুরানিউজ.কমঃ
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা অনুসারে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এ বিষয়ে রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের এপ্রিল মাসে প্রকাশিত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে মেধা তালিকা করা হয়েছিল তার মেয়াদ পাঁচ বছর ছিল। কর্তৃপক্ষ কিছু প্রার্থীকে মেধা তালিকা থেকে নিয়োগ দিলেও বাকিদের নিয়োগ দেয়নি।
নিয়োগ না দেওয়াকে চ্যালেঞ্জ করে খলিলুর রহমান, শফিকুল ইসলাম মো. তোফাজ্জল হোসেনসহ ২৬৮ জন উত্তীর্ণ প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।
পরবর্তী সময়ে এ বিষয়ে আরো কয়েকটি রিট দায়ের করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে তাদের কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত তাদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রিটে বিবাদীরা হলেন : শিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মনিটরিং ইউনিটের মহাপরিচালক এবং টাঙ্গাইল, ঝিনাইদহ, পাবনা, নাটোর, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জের জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা।


