মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য ছেলে নিহত হয়েছেন। নওগাঁ থেকে বাড়ি ফেরার পথে নাটোরের নলডাঙা রোডের বিপ্রবেলঘড়িয়া শাজী পাড়া এলাকায় নওগাঁ-নাটোর মহাসড়কে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মোক্তাদুল আলম মুকুল (৪৫) শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের মৃত কুদ্দুস মোল্যার ছেলে। তিনি নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার দরিবিলা গ্রামে মোক্তাদুল আলম মুকুল তার মা মারা যাওয়ার খবর পান। সকালে একটি সিএনজি অটোরিকশাযোগে মায়ের লাশ দেখতে রওনা দেন। নওগাঁ-নাটোর মহাসড়কের নলডাঙা রোডের বিপ্রবেলঘড়িয়া শাজী পাড়া এলাকায় পৌঁছাতেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর হাইওয়ে পুলিশ মৃত্যুর ঘটনা ও ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।

