মাগুরানিউজ.কমঃ

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আ.লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৪০টি কেন্দ্রে আব্দুল ওয়াহহাব পেয়েছেন ৯৩ হাজার ১৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় (প্রতীক, সিংহ) পেয়েছেন ১২৭৯০ ভোট।
এছাড়া আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী তৌহিদুল আলম পেয়েছেন ৫৪২ ভোট, টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএএফ) মাগুরা জেলা সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ রিফাত পেয়েছেন ৫৯২ ভোট।
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনের ১৪০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপনির্বাচনের এ ফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।
চলতি বছরের ৯ মার্চ সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ সিরাজুল আকবর মৃত্যুতে মাগুরা-১ আসনটি শূন্য হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত সিরাজুল আকবর এ আসন থেকে পর পর চার বার নির্বাচিত হয়েছিলেন।
মাগুরা-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রগুলো থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ উপ-নির্বাচনে মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন-আওয়ামী লীগ মনোনিত মুক্তিযুদ্ধে ৮নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান কাজী তৌহিদুল আলম (আম), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট বিএএফ-এর মাগুরা জেলা সাধারণ সম্পাদক মুতাসিন বিল্লাহ রিফাত (টেলিভিশন) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় (সিংহ)।
রিটার্নিং অফিসার খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মোট ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন করতে ১৪০ জন প্রিজাইডিং অফিসার, ৭১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৪২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের সমন্বয়ে ৫০ টি মোবাইল টিম, ৯ টি স্পেশাল মোবাইল টিম, ৮ টি স্ট্রাইকিং ফোর্স, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬ টি ভ্রাম্যমাণ আদালতসহ মোট ৪ হাজার ৩৮১ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করছেন। ১৪০ টি কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ ১০৫টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে ৫ জন কর্মকর্তা প্রতিটি কেন্দ্র থেকে মোবাইল ফোনে ঘণ্টায় ঘণ্টায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ভোট গ্রহণের হার পর্যবেক্ষণ করছেন।
একটি প্রথম শ্রেণির পৌরসভা, সদর উপজেলার ৯ টি ও শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের-৯১ মাগুরা-১ আসন গঠিত। মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৩৪২ জন ও মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৮০২ জন।
গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পর পর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

