মাগুরানিউজ.কমঃ
‘মাগুরা থেকে এভারেস্টে সাকিব’ অবাক হওয়ার মতো নিশ্চয়ই নয়। মুসা ইব্রাহিম, এমএ মুহিত, ওয়াসফিয়া নাজরীনরা পারলে সাকিব কেন নয়? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করে বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন মুসা, মুহিত, ওয়াসফিয়ারা। মুখ উজ্জ্বল করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানও। উচ্চতার মাপকাঠিতে এভারেস্ট সুউচ্চ হলেও, কীর্তিতে এভারেস্টের চেয়ে অনন্য এক উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন এ তারকা। এমন রত্নকে গর্ভে ধারণ করে গর্বিত সাকিবের মা শিরিন আক্তার। গতকাল সাকিবকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি।
বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ক্রিকেটারকে নিয়ে বই প্রকাশিত হয়েছে। আর এ কষ্টসাধ্য, দুর্লভ কাজটি করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।
সাকিব আল হাসান ‘আপন চোখে ভিন্ন চোখে’ এই নামে বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। পাবলিক লাইব্রেরির ভিআইপি মিলনায়তনে গতকাল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাকিবের মা ছাড়াও বইয়ের লেখক দেবব্রত, ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। আরিফুল ইসলাম রনির উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন।
‘আপন চোখে ভিন্ন চোখে’ বইটিতে সাকিবের ব্যক্তিগত বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়েছে। সাকিবের দীর্ঘ সাক্ষাৎকার ছাড়াও তার অনেক অজানা তথ্য এতে স্থান পেয়েছে। সাকিবের পরিবার-পরিজন ছাড়াও এ বিশ্বসেরার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন কোচ, সতীর্থ, লেখক আনিসুল হক, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন, সাংবাদিক রাবিদ ইমাম, ক্রিকেটার জ্যাক ক্যালিস, ওয়াসিম আকরাম, সাকলায়েন মুস্তাক, সঞ্জয় মাঞ্জরেকারসহ আরো অনেকে। বইটি লেখায় যারা বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য-সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লেখক দেবব্রত। ধন্যবাদ দেন প্রকাশনী ঐতিহ্যকেও।
মূলত ঐতিহ্য এগিয়ে না আসলে বইটি প্রকাশ করা কখনোই সম্ভব হতো না বলে জানান দেবব্রত। এ ছাড়া সাকিবের মা স্বয়ং কষ্ট করে অনুষ্ঠানে আসায় তাকেও ধন্যবাদ জানান। আর ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, ‘ঐতিহ্য সেই ২০০০ সাল থেকে বই প্রকাশনার সঙ্গে জড়িত। এই প্রকাশনা সংস্থা এখন পর্যন্ত এক হাজার টাইটেল প্রকাশ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে লেখা প্রকাশের ঘটনা এবারই প্রথম। বইটি প্রকাশ করতে পেরে আমরা যারপরনাই খুশি।’
এ অনুষ্ঠানে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ আমিনুল ইসলাম বুলবুলও। বলেন, ‘সাকিব আমাদের দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সে বিশ্বসেরা অলরাউন্ডার। ধন্যবাদ জানাই ওই মাকে যিনি সাকিবের মতো এমন রত্নকে জন্ম দিয়েছেন। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই বইয়ের লেখক দেবব্রত মুখোপাধ্যায়কেও। এই বইয়ের মাধ্যমে সাকিবের অনেক অজানা দিক পাঠক জানতে পারবে বলে আমার বিশ্বাস।’

