মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার ধলহরা এবং বনগ্রামের ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে দেড়লাখ টাকা জরিমানা আদায় ও একটি ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সেলিনা বেগম এ অভিযান পরিচালনা করেন।
অবৈধভাবে ইট পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে বিকেল ৩টায় সদর উপজেলার হিনো ও রিও নামে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিক বিপুলকে ৫০ হাজার এবং মিজানুর রহমানকে একলাখ টাকা জরিমানা করে। এ সময় তারা এক মাসের মধ্যে ভাটা বন্ধ করার অঙ্গীকার করেন।
একই সময় আদালত এনআরএফনামে আরেকটি ব্রিকসে অভিযান চালানোর সময় সেখান থেকে মালিক ও কর্মচারীরা পালিয়ে গেলে ফায়ার সার্ভিসের সাহায্যে ভাটার চিমনি ও ইট নষ্ট করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বেগম বাংলানিউজকে জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ মতে কৃষি জমিতে ভাটা স্থাপন, পরিবেশের ক্ষতিকর টিনের চিমনি ব্যবহার, লোকালয়ের পাশে ভাটা স্থাপনসহ বিভিন্ন অভিযোগে ইটভাটাগুলোকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর যশোর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ইমদাদুল হক অভিযান চলাকালে উপস্থিত ছিলেন।


