মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে বুধবার রাতে এক গার্মেন্টস কর্মী অটোযাত্রীকে ধর্ষণের চেষ্টা করে অটো চালক ও অপর এক যাত্রী। এ সময় এলাকাবাসী গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে এবং ওই দুইজনকে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় ওই নারী বাদি হয়ে থানায় মামলা করেছেন। ওই গার্মেন্টস কর্মী ঢাকার কর্মস্থল থেকে ছুটিতে গ্রামের বাড়ি আসছিলেন।
মহম্মদপুর থানার এসআই মজিবুর রহমান জানান, উপজেলার মন্ডলগাতী গ্রামের সাইফুর রহমানের মেয়ে রাত পৌনে ৯ টার দিকে ঢাকা থেকে মাগুরার পারনান্দুয়ালি বাস স্ট্যান্ডে নামেন। এরপর একটি অটোতে করে মহম্মদপুরে আসার পথে সড়কের কানুটিয়া এলাকায় পৌঁছলে রাত পৌনে ১০টার দিকে অটো চালক বিনোদপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হান্নো আলী (২০) ও অপর যাত্রী চরবড়রিয়া গ্রামের ওহিদুর রহমানের ছেলে লিটন (২২) ওই মেয়েকে অটো থেকে নামিয়ে রাস্তার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং ওই দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওই নারী বাদি হয়ে রাতেই ওই দুই যুবকের নামে থানায় মামলা করেছেন।
মহম্মদপুর থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


