মাগুরানিউজ.কমঃ
ছাত্রলীগ কর্মী রাজন খান হত্যা মামলার প্রধান আসামি মাগুরার মীর আবু সাঈদকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন মাগুরা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
রবিবার রাজন হত্যা ও অস্ত্র মামলায় শ্রীপুর থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। এ সময় তার পক্ষে জামিনের আবেদন করলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন বেগম জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
শুক্রবার সন্ধায় মীর সাঈদকে যশোর বিমান বন্দর থেকে আটক করে র্যাব। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক ওই রাতে তার শশুরবাড়ি শ্রীপুরের বরালিদহ থেকে একটি শর্টগান, তিনটি পিস্তল ও গুলি উদ্ধার করে র্যাব। পরে তাকে অস্ত্র ও হত্যা মামলায় শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া এ মামলার এজাহারভুক্ত অপর ৯ আসামি মুসা মীর, সাগর, সুপ্রান, রাশেদ, ফরহাদ, নয়ন, মুক্ত, স্বাক্ষর ও শাওন একই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


