মাগুরানিউজ.কমঃ
শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার ঢেফুলিয়া গ্রাম থেকে রবিউল ওরফে রানা (২৫) নামে এক মানব পাচারকারীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে।
রবিউল ঢেফুলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে মাগুরার একাধিক যুবক নিখোঁজ রয়েছে। দালাল চক্রের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ সদর উপজেলার ঢেফুলিয়া গ্রামের ইমরান নামে এক যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিউলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারী চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাচারকারী চক্রের মূল হোতার তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
উল্লেখ্য, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে মাগুরার অর্ধশতাধিক যুবক আটক আছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


