মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের কলেজ পাড়ায় পাসপোর্ট অফিসের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ পলাশ (২৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আজ (১২ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।
আটক পলাশ জেলা সদরের সিতারামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের বিগত কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
তবে জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল বলেন, ছাত্রলীগের বর্তমান কমিটিতে পলাশের নাম নেই। অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বর্তমান কমিটিতে স্থান দেওয়া হয়নি। তার সঙ্গে জেলা ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, দুপুরে পাসপোর্ট অফিসের সামনে পলাশ নামে ওই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসময় সেখানে আগে থেকে অবস্থান করা পুলিশ সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে পিস্তল ও গুলি পাওয়া যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আছাদুজ্জামান জানান, পলাশ পাসপোর্ট অফিসে আসা লোকজনকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে।


